দেশবাংলা

নদীর পানি বেড়ে দেশে বন্যা পরিস্থিতির আরো অবনতি

দেশের প্রায় সবকটি নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে চরাঞ্চল ও নিম্নাঞ্চল। বাড়িঘরের আসবাবপত্র, গবাদিপশু নিয়ে আশ্রয়ের খোঁজে ছুটছেন বানভাসীরা। খাবার, বিশুদ্ধ পানি, পয়ঃনিষ্কাশন নিয়ে চরম বিপাকে পড়েছেন পানিবন্দী মানুষ।এছাড়া, পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা। এ অবস্থায় সরকারি ত্রাণ সহায়তার দাবি জানিয়েছেন দূর্গতরা।

ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে গাইবান্ধায় যমুনা, ব্রহ্মপুত্র, ঘাঘট, তিস্তা ও করতোয়াসহ সবকটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। ফুলছড়ি ঘাট পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে হুমকির মুখে পরেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ।

কুড়িগ্রামে পানিবন্দি হয়ে পড়েছে ৯ উপজেলার আড়াই শতাধিক চর ও নিম্নাঞ্চলের প্রায় ২ লক্ষাধিক মানুষ। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের তীব্র সংকট। পানি বাহিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। গবাদি পশুর খাদ্য সংকট চরম আকার ধারন করেছে।

এদিকে, জামালপুরের বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। জেলার ৭ উপজেলায় ৩৯ টি ইউনিয়নের প্রায় সাড়ে ৩ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। যমুনা নদীতে পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়ে সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। তলিয়ে গেছে ফসলী জমি।

ভারি বর্ষণে হাওরের পানি বৃদ্ধি পেয়ে ভেসে গেছে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের কালারডোবা অংশ। এতে দুর্ভোগে পড়েছে দুই উপজেলার মানুষ।

ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button