
করোনা টেস্ট জালিয়াতি ও প্রতারণার মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজের ১০ দিন ও কর্মকর্তা তারেকের সাতদিন রিমান্ড মঞ্জুর করা হয়।
বৃহস্পতিবার(১৬ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম উদ্দিন এই রিমান্ড মঞ্জুর করেন। সকালে আসামিদের কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের পক্ষ থেকে তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ডের আবেদন করা হয়।
রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল্লাহ আবু বলেন, আসামিরা ভুয়া করোনার রিপোর্ট দিয়ে মানুষের জীবন নিয়ে খেলেছে। তাদের থেকে মানুষ করোনা পরীক্ষা করে বিদেশে গিয়েছে, সেখানে রিপোর্ট ভুয়া প্রমাণিত হয়েছে। এ কারণে দেশের নাম বিদেশে খারাপ হয়েছে। আসামিরা দেশ ও জাতির শত্রু। ভুয়া রিপোর্টের পেছনে আর কারা কারা জড়িত তা উদঘাটন করতে আসামিদের রিমান্ডে নেওয়া আবশ্যক। শুনানি শেষে বিচারক সাহেদ ও মাসুদ পারভেজের ১০ দিন এবং রিজেন্ট গ্রুপের জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম ওরফে তারেক শিবলীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অন্যদিকে সাহেদের পক্ষের আইনজীবী মনিরুজ্জামান রিমান্ড আবেদন বাতিল করে জামিনের আবেদন জানান। গতকাল সকালে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার দেবহাটার কোমরপুরে র্যাবের হাতে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ সাহেদ ধরা পড়েন। বিকেলে তাঁকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাটিভি/শহীদ



