আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য
আমেরিকান একাধিপত্যবাদ ভেঙ্গে ফেলতে রুহানির আহবান

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে বিশ্বে যুক্তরাষ্ট্রে একাধিপত্যবাদ অবসানের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। বৃহস্পতিবার তাদের দুইজনের মধ্যে এ ফোনালাপ হয়।
ফোনালাপে আন্তর্জাতিক ঘটনাবলী ও দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনার এক পর্যায়ে রুহানি এ আহ্বান জানান। এসময় তারা উভয়েই ইরানের পরমাণু সমঝোতা রক্ষা এবং এর পরিপূর্ণ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে মার্কিন একাধিপত্যের অবসানের প্রয়োজনীয়তাও তুলে ধরেন ইরানি প্রেসিডেন্ট।
অন্যদিকে প্রেসিডেন্ট পুতিন পরমাণু সমঝোতা বাস্তবায়নের ওপর জোর দিয়ে বলেন, রাশিয়া আন্তর্জাতিক এ চুক্তির প্রতি গত পাঁচ বছর অব্যাহত সমর্থন দিয়ে এসেছে এবং তা বাস্তবায়ন ও সংরক্ষণের ক্ষেত্রে এ অবস্থান অব্যাহত থাকবে।



