করোনায় সব বয়সীরাই মানসিক স্বাস্থ্যঝুঁকিতে

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রভাবে বিপর্যস্ত মানসিক স্বাস্থ্য। মনস্তাত্ত্বিক সুরক্ষা এখনো উপেক্ষিত থাকায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে সব বয়সী মানুষ। দাম্পত্য কলহ, পারিবারিক অনিশ্চয়তা, অর্থনৈতিক টানাপোড়েন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি- সবকিছুর মিলিত ফল একরাশ ক্লান্তি আর অবসাদ। আর তা ক্রমশ রূপ নিচ্ছে হতাশা, বিষণ্ণতা আর ক্রোধে।
১৪ মে প্রকাশিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা বলছে বর্তমান সময়ে ৯১ শতাংশ মানুষ কোনো না কোনো কারণে মানসিকভাবে উদ্বিগ্ন। আর মনোবিদরা বলছেন ঘরের বাড়তি কাজে নিরানন্দ সময় আর পারিবারিক কলহে দুর্বিষহ সময় কাটছে ঘরে থাকা নারীদের।
পারিবারিক সম্পর্কের অবনতিই শুধু নয়, অনির্দিষ্টকালের অর্থনৈতিক স্থবিরতা,পরিবারের সদস্যদের করোনা সংক্রমণের ভয়, প্রিয়জনের সুস্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ, আক্রান্ত ব্যক্তির চিকিৎসা পাওয়া নিয়ে শঙ্কা, দীর্ঘজটে এ্যাকাডেমিক জটিলতা, ভবিষ্যতে চাকরি পাওয়া নিয়ে হতাশা। বদ্ধঘরের বন্দিত্বের চিহ্ন কারো কপালের ভাঁজে, কারো গলার ঝাঁঝে- কারো আবার তিরিক্ষি মেজাজে।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমদ বলেন, যারা শিশু, যারা তরুণ, যারা ঘরে আছেন এবং যারা প্রবীণ তারা প্রত্যেকে স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন।



