দেশবাংলা

মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, বেড়েছে ভাঙন

উত্তর ও পূর্বাঞ্চলে নদ-নদীর পানি কমলেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে দেশের মধ্যাঞ্চলে। বিভিন্ন জায়গায় বেড়েছে ভাঙন। প্লাবিত হয়েছে নতুন এলাকা। জমির ফসল ও বাড়িঘর তলিয়ে যাওয়ায় খাদ্য ও বিশুদ্ধ পানির সঙ্কটে পড়েছেন দূর্গত এলাকার মানুষ। এছাড়া পদ্মার তীব্র স্রোতে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। দু’পাড়ে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি।

কুড়িগ্রামে নদ-নদীর পানি সামান্য হ্রাস পেলেও ব্রহ্মপুত্র ও ধরলার পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে, ঘর-বাড়ি বন্যার পানিতে তলিয়ে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের ২ লক্ষাধিক মানুষ মানবেতর জীবন-যাপন করছেন। গবাদি পশুর খাবার নিয়েও বিপাকে পড়েছেন তারা।

জামালপুরের বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। জেলার ৭ উপজেলায় ৫২ টি ইউনিয়নের প্রায় সাড়ে ৯ লাখ  মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। জামালপুরে দেওয়ানগঞ্জে বন্যার পানিতে উপজেলার ২ লাখ ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

রাস্তা ঘাট ডুবে যাওয়ায় উপজেলার সাথে উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগ ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। উপজেলা ভবন, রেল ষ্টেশন, ভূমি অফিস, দেওয়ানগঞ্জ মডেল থানা বন্যার পানিতে ডুবে গেছে। স্থানীয়দের দাবি শহর রক্ষা বাঁধের স্থায়ী সমাধান।

এদিকে, সিরাজগঞ্জে যমুনার পানি কিছুটা কমলেও সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। দ্বিতীয় দফার বন্যায় জেলা সদর, কাজিপুর, বেলকুচি, চৌহালী ও শাজহাদপুর উপজেলার ৩৫টি ইউনিয়নে প্রায় ৪৯ হাজার পরিবার পানিবন্দী। দীর্ঘ মেয়াদী বন্যার সম্ভাবনা থাকলেও, তা মোকাবেলায় যথেষ্ট প্রস্তুত রয়েছে বলে জানান, জেলা পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী।

অন্যদিকে, পদ্মা নদীর তীব্র স্রোতে আর ফেরি সংকটে পাটুরিয়া দৌলতদিয়া নৌপথ পারি দিতে আসা পরিবহন শ্রমিকদের ভোগান্তি কমেনি। পরিবহন ও ছোট গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে পার হওয়ার সুযোগ পেলেও, কয়েক শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে।

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়ে শেরপুরের ২০টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী প্রায় ১০হাজার মানুষ। তলিয়ে গেছে ফসলি জমি।

এছাড়া হবিগঞ্জের আজমিরীগঞ্জ, বানিয়াচং, লাখাই এবং মাধপুর উপজেলার ফসলি মাঠ,গ্রামীণ সড়কসহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে কয়েক হাজার পরিবারকে। দূর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও ত্রাণ সহায়তার দাবি জানিয়েছেন বানভাসি মানুষ।

ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button