বাংলাদেশ-ইতালি সম্পর্কে চিড় ধরেনি বরং সুদৃঢ় হয়েছে: রাষ্ট্রদূত

করোনাভাইরাসের ভুয়া সার্টিফিকেট প্রশ্নে দেশি-বিদেশি সংবাদমাধ্যমে বাংলাদেশিদের নিয়ে ইতালি কর্তৃপক্ষের বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে৷ এতে বাংলাদেশের সঙ্গে ইতালির সম্পর্কে কোনও চিড় ধরেনি। বরং তা সুদৃঢ় হয়েছে। ডয়চে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেন, রোমে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার।
এক প্রশ্নের জবাবে আবদুস সোবহান সিকদার বলেন, ‘আস্থার ক্ষেত্রে (ইতালি সরকারের) আদৌ কোনও চিড় ধরেছে বলে আমার মনে হয় না। ইতালির সঙ্গে বাংলাদেশের অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের ক্ষেত্রে আদৌ কোনও চিড় ধরে নাই, বরং তা আরও উন্নত হয়েছে। ইতালির সঙ্গে সব ক্ষেত্রে বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ় হয়েছে।’
রাষ্ট্রদূত বলেছেন, ‘বাস্তব ঘটনা হলো, নেগেটিভ সার্টিফিকেটের কোনও বাধ্যবাধকতা ছিলই না। বিমানবন্দরে করোনা সার্টিফিকেট চাওয়াই হয়নি। এ নিয়ে সেখানকার সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানানো হলেও তা ছাপানো হয়নি।’
প্রসঙ্গত, বাংলাদেশ থেকে ইতালিতে ফিরে যাওয়া প্রবাসীদের একটি উল্লেখযোগ্য অংশ করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করে তাদের ফিরিয়ে দেয়া হলে। সেখানকার সংবাদমাধ্যমে এ নিয়ে বিভিন্ন খবর প্রকাশিত হয়। যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে নাগরিকদের প্রবেশ এবং ফ্লাইটও বাতিল করে ইতালি সরকার।



