ফি ছাড়া করোনা পরীক্ষার সুযোগ প্রদানে সংশ্লিষ্টদের আহবান কাদেরের

ফি ছাড়া করোনা পরীক্ষার সুযোগ প্রদানের বিষয়টি বিবেচনার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার দুপুরে এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন। এছাড়া নমুনা সংগ্রহের পর যেন রেজাল্ট দিতে দীর্ঘ সময় না লাগে সেদিকে ল্যাবগুলোকে মনোযোগ দিতে হবে বলেও জানান তিনি।
এসময় মন্ত্রী আরো বলেন, সম্প্রতি ইতালি প্রবাসী বিএনপি এক নেতার দেশবিরোধী অসত্য বক্তব্য প্রবাসীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ তৈরি করেছে। তিনি বলেন, ‘ওই বিএনপি নেতা বলেছেন, বাংলাদেশে নাকি ১০ লাখ মানুষ করোনায় আক্রান্ত, দেশে কোনও চিকিৎসা নেই এবং এ কারণে ১০ হাজার মানুষ ইতালির পথে রয়েছে।’
এ বক্তব্যকে মিথ্যাচার আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, যারা ইতালি যাচ্ছে তাদের কাছে নাকি ভুয়া রিপোর্ট রয়েছে। বিএনপি নেতাদের এ ধরনের আজগুবি ও মিথ্যা বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে ছোট করা হচ্ছে। লাখ লাখ প্রবাসীকে অস্থিরতায় ফেলে দেওয়া এমন অসত্য তথ্য দিয়ে বিএনপি নেতার এ বক্তব্যে ইতালি প্রবাসীরাসহ পুরো জাতি ক্ষুব্ধ।
অন্যদিকে, সারাদেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ও এমপিওভুক্ত ছাড়া বিশাল একটি অংশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত উল্লেখ করে এ সংকটকালে তাদের বেতনভাতা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের। ঈদের আগেই তাদের পাওনা পরিশোধের অনুরোধ করেন তিনি।



