
গুলশানে-২ এ সাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিযানের পর হাসপাতালের সহকারী পরিচালক আবুল হাসনাতকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার (১৯শে জুলাই) দুপুরে করোনার চিকিৎসায় ডেডিকেটেড হাসপাতালটিতে অভিযান শুরু করে র্যাবের একটি দল।
করোনাভাইরাসের র্যাপিড কিট টেস্ট, অ্যান্টিবডি টেস্ট নিয়ে বেশকিছু অভিযোগ খতিয়ে দেখতে অভিযান পরিচালনা করা হয়েছে।হাসপাতালটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
অভিযান চলাকালে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম বলেন, হাসপাতালটি অনুমোদন ছাড়াই র্যাপিড কিট দিয়ে কভিড-১৯ আক্রান্ত রোগীদের অ্যান্টিবডি টেস্টের কাজ করছিল। এ ছাড়া তারা অ্যান্টিবডি পরীক্ষার নামে রোগীদের কাছ থেকে ৩ থেকে ১০ হাজার টাকা করেও নেয় বলে অভিযোগ পেয়েছি।



