সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি

ফরিদপুরেরর সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি আরো ২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১০৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে, জামালপুরে বন্যা পরিস্থিতির অপরিবর্তিত রয়েছে। সকালে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার ৯২ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। শেরপুরে বিপদসীমার ২ সেমি উপর দিয়ে ব্রহ্মপুত্রের ও ৫০ সেমি উপর দিয়ে চেল্লাখালীর পানি প্রবাহিত হচ্ছে।
এতে শেরপুর-জামালপুর মহাসড়ক ডুবে তিনদিন ধরে উত্তরাঞ্চলের সাথে যান চলাচল বন্ধ রয়েছে। এসব এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানির সংকট। টাঙ্গাইলে দ্বিতীয় দফায় যমুনা ও ধলেশ্বরীর পানি বেড়ে নাগরপুর উপজেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। যমুনার পানি বিপদসীমার ৮৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
অন্যদিকে, নওগাঁয় যমুনা ও আত্রাই নদীর পানি গত ২৪ঘন্টায় সকল পয়েন্টে বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে বন্যাকবলিত এলাকাগুলোতে দেখা দিচ্ছে নানারকম পানিবাহিত রোগ। ফসলের ক্ষতিতে ভেঙ্গে পড়েছে কৃষকরা।
টানা বৃষ্টি হওয়ায় সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। যমুনার পানি বিপদসীমার ৮৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়ে বানভাসি মানুষ পড়েছে নানা দুর্ভোগে।



