উত্তরে বন্যা পরিস্থিতির উন্নতি, মধ্যাঞ্চলে ভাঙন অব্যাহত

উত্তরের জেলাগুলোতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও, এখনো চরম দুর্ভোগে রয়েছে দুর্গতরা। এদিনে মধ্যাঞ্চলে প্লাবিত হচ্ছে নতুন এলাকা, অব্যাহত আছে ভাঙন।
এদিকে, কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের পানি কিছুটা কমে বিপদসীমার ২২ সেন্টিমিটার ও ধরলার পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখনো পানিবন্দী বহু মানুষ। সিরাজগঞ্জে তিনদিন ধরে যমুনার পানি কমে যাওয়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।
তবে, এখনো জেলার নদীতীরবর্তী নিম্নাঞ্চলে লাখো মানুষ দুর্ভোগে রয়েছেন। গাজীপুরে তুরাগ, বংশী ও ঘাটাখালী নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কালিয়াকৈর উপজেলার ১১২টি গ্রামে বন্যার ঢুকে পড়েছে।
মানিকগঞ্জে আরিচা পয়েন্টে বিপদসীমার উপরে বইছে যমুনা, চরাঞ্চলের বেশ কিছু জায়গায় বাড়ছে ভাঙন। গোপালগঞ্জে নদ-নদীতে পানি বাড়ছে। সদর উপজেলা, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার বিভিন্ন গ্রামে বাড়ি-ঘর পানিতে তলিয়ে গেছে।



