লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইটে বাধা থাকলো না

শেষ পর্যন্ত বাংলাদেশ বিমানের লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার। এর ফলে সরাসরি ফ্লাইটে সিলেটে যেতে পারবেন বিলেতে বসবাসকারী সিলেট অঞ্চলের প্রবাসীরা।
এখন থেকে এ রুটে সিলেটের যাত্রীদের ঢাকায় ইমিগ্রেশন শেষ করে ব্যাগেজ ক্লেইম করতে হবে না; সিলেটে যেতে নিতে হবে না নতুন বোর্ডিং পাসও। এমন তথ্য দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
করোনা নিয়ন্ত্রণের জন্য সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে গেলো ১৬ জুলাই সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। ২৬ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকরও করে বিমান কর্তৃপক্ষ। ওইদিন থেকে বিমানের যুক্তরাজ্য থেকে সিলেটগামী যাত্রীদেরকেও ঢাকায় অবতরণের পর অভ্যন্তরীণ ফ্লাইটে সিলেটে যেতে হতো। এতে দূর্ভোগে পড়েন লণ্ডনপ্রবাসী সিলেটের যাত্রীরা।
এবিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানান, সিলেটের যাত্রীদের অসুবিধার কথা বিবেচনায় নিয়ে, সরাসরি ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার।
এ সময়, করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করা দেশগুলো ছাড়া অন্য দেশে এ সার্টিফিকেট নিতে হবে না বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। বিমানের এ ইতিবাচক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন লণ্ডনপ্রবাসী সিলেটের বাসিন্দারা।
হাকিম মোড়ল, বাংলা টিভি



