চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন খোরশেদ আলম সুজন। তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি।
২০১৫ সালের ২৮ এপ্রিল অনুষ্ঠিত হয় চট্টগ্রাম সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচন। মেয়র আ জ ম নাছির উদ্দীনের নেতৃত্বাধীন নির্বাচিত পরিষদের দায়িত্ব নেওয়ার পাঁচ বছর মেয়াদ পূর্ণ হচ্ছে ৫ আগস্ট। গত ২৯ মার্চ চসিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে সেটা স্থগিত করে নির্বাচন কমিশন।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ২৫ (১) ধারায় বলা আছে, সিটি করপোরেশন মেয়াদোত্তীর্ণ হলে সরকার সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত এর কার্যক্রম সম্পাদনের উদ্দেশ্যে একজন উপযুক্ত ব্যক্তি বা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দিতে পারবে।
একই আইনের ২৫ (২) ধারায় বলা হয়েছে, সরকার প্রয়োজনবোধে যথাযথ বলে বিবেচিত হয়— এমন সংখ্যক সদস্য সমন্বয়ে গঠিত কমিটিকে প্রশাসকের কর্মসম্পাদনে সহায়তার জন্য নিয়োগ করতে পারবে।
আর ২৫ (৩) ধারায় বলা হয়েছে, প্রশাসক এবং কমিটির সদস্যরা যথাক্রমে মেয়র ও কাউন্সিলরের ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব পালন করতে পারবেন।
আইন অনুযায়ী মেয়রের চেয়ারে বসে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন একজন প্রশাসক। একজন আমলা কিংবা উপযুক্ত ব্যক্তি বসবেন প্রশাসকের পদে। সেই উপযুক্ত ব্যক্তিটি হতে পারেন একজন রাজনীতিকও।অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রশাসকের দায়িত্ব পেলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।
বাংলাটিভি/শহীদ



