অন্যান্যজনদুর্ভোগদেশবাংলাবাংলাদেশ

নদ-নদীর পানি কমলেও দুর্ভোগ কমেনি বানভাসীদের

দেশের বিভিন্ন জেলায় নদ-নদীর পানি কমলেও দুর্ভোগ কমেনি বানভাসীদের। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে মানবেতর জীবন যাপন করছেন পানিবন্দী মানুষ। ছড়িয়ে পড়েছে পানি বাহিত রোগ। রাস্তা-ঘাট পানিতে তলিয়ে অচল হয়ে পড়েছে অনেক এলাকার যোগাযোগ ব্যবস্থা ।

কুড়িগ্রামে নদ-নদীর পানি কমে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দুর্ভোগ কমেনি বানভাসীদের। দীর্ঘস্থায়ী  বন্যায় খাদ্য ও বিশুদ্ধ খাবার পানির সংকটে দুর্বিসহ দিন কাটছে দুর্গত পরিবারগুলোর।

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমতে থাকায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে, বন্যা কবলিত এলাকায় ছড়িয়ে পড়ছে ডায়রিয়াসহ নানা পানি বাহিত রোগ।

মানিকগঞ্জের শিবালয় আরিচা পয়েন্টে যমুনা নদীর পানি স্থিতিশীল রয়েছে। জেলার অভ্যন্তরীণ নদ নদীর পানিও খুব একটা কমেনি। দুর্ভোগে প্রায় ৩ লক্ষাধিক পানিবন্দি মানুষ।

গাজীপুরে তুরাগ, বংশী ও ঘাটাখালী নদ-নদীর পানি কমছে ধীরগতিতে। এখনো কালিয়াকৈর উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল, রাস্তাঘাট ও হাট-বাজার পানিতে ডুবে আছে।

এদিকে, কয়েকদিনের অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে বরিশালের গৌরনদী পৌরসভাসহ উপজেলার ৭টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আড়িয়ালখাঁর শাখা পালরদী নদীতে জোয়ারের পানি বেড়ে বিভিন্ন খাল ও নদীর দু-তীর উপচে বিভিন্ন এলাকায় ঢুকে পড়েছে।

চাঁদপুরে মুষলধারে বৃষ্টি ও জোয়ারের পানিতে পদ্মা-মেঘনা-ডাকাতিয়ার পানি বেড়ে শহরের বিভিন্ন এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। শহরের বাইপাস সড়ক বঙ্গবন্ধু রোড, তালতলা, নাজির পাড়া ও কুমিল্লা রোডসহ প্রায় গুরুত্বপূর্ণ সড়ক সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button