
পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা সিনহা রাশেদ নিহতের ঘটনায় ৯ জনকে আসামি করে টেকনাফ ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন তার বোন শারমিন শাহরিয়া।
বুধবার সকালে টেকনাফ উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দাখিল করেন তিনি। মামলায় বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর লিয়াকতকে প্রধান আসামি ও টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাসকে দ্বিতীয় আসামিসহ ৯ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অ্যাডভোকেট মো. মোস্তফার নেতৃত্বে এ মামলা দায়ের করা হয়। মামলা দাখিলের পর আদালত চত্বরে সাংবাদিকদের এসব তথ্য জানান অ্যাডভোকেট মো. মোস্তফা। মামলার বাদী নিহত মেজর সিনহার বোন শারমিন শাহরিয়া।
টেকনাফ থানাকে এই মামলার এজাহার গ্রহণের নির্দেশনা দিয়েছেন উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট । এছাড়া এজাহার নেয়ার পর সেটি আদালতকে অবহিত করার কথাও বলা হয়েছে। র্যাব-১৫ এর অধিনায়ককে মামলার তদন্তভার দিয়েছেন আদালত।
গত শুক্রবার কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ। একে সরাসরি হত্যাকাণ্ড বলে দাবি করছেন সিনহার স্বজনরা। এই ঘটনার দ্রুত তদন্ত ও বিচারের দাবি করেছেন তারা। সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসর নেয়ার পর বিশ্ব ভ্রমণের পরিকল্পনা করছিলেন মেজর সিনহা রাশেদ। ভ্রমণ বিষয়ক একটি ইউটিউব চ্যানেল বানানোর কাজও চলছিলো তার। তার পরিবার জানায় কক্সবাজারে ভিডিও তৈরির কাজে গিয়েছিল সিনহা।
বাংলাটিভি/শহীদ



