শেখ কামাল বেঁচে থাকলে দেশকে অনেক কিছুই দিতে পারতেন: শেখ হাসিনা

পঁচাত্তর এর ১৫ আগস্টের হত্যাকাণ্ডের মাধ্যমে ঘাতকরা মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল এর ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি আরও বলেন, শেখ কামালের মতো মেধাবী ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বেঁচে থাকলে দেশকে অনেক কিছুই দিতে পারতেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল এর ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে সকালে এক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় শেখ হাসিনা বলেন, তাঁর ভাই শেখ কামালের ভেতরে বহুমুখি প্রতিভা ছিল, তিনি বেঁচে থাকলে দেশকে আরও অনেক কিছু দিতে পারতেন।
প্রধানমন্ত্রীর ছেলে হয়েও ক্রীড়াঙ্গন ও দেশের উন্নয়ন ছাড়া শেখ কামালের আর কোন চাহিদা ছিল না বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। অথচ ঘাতকরা শেখ কামালসহ বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে।
পরে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে একটি স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন ও তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাটিভি/শহীদ



