
আর্ন্তজাতিক জঙ্গি গোষ্ঠীর প্রচারণায় কোরবানির ঈদের আগে রাজধানীর পল্টনসহ বেশকটি জায়গায় হামলার চেষ্টা করে নব্য জেএমবির সদস্যরা। কিন্তু করোনায় অনলাইন তৎপরতা বাড়লেও গোয়েন্দা নজরদারিতে জঙ্গিদের এসব হামলার ছক ভেস্তে যায়।
সিলেট থেকে নব্য জেএমবির ৫ সদস্যকে গ্রেপ্তারের পর বুধবার (১২ আগস্ট) ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা জানান কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
আরও জানা যায়, ঈদ বা জিলহজ মাসের ১০ তারিখে হামলায় পুণ্য বেশি আইএসের এরকম প্রচারণায় নব্য জেএমবি ঢাকা ও ঢাকার বাইরে হামলার চেষ্টা চালায়। তদন্তের ধারাবাহিকতায় মঙ্গলবার সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে জেএমবির ৫ সদস্যকে। উদ্ধার করা হয়েছে বিস্ফোরক। তাদের ধরার মধ্য দিয়ে সংগঠনটির শক্তি খর্ব হয়েছে বলে মনে করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।
এদিকে, সম্প্রতি পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় আইএসের কথিত দায় স্বীকারের ব্যাপারে কাউন্টার টেরোরিজম ইউনিট বলছে, জঙ্গি নয় এটি সন্ত্রাসী ঘটনা।



