বিশ্ববাংলা
ওমানে উটের লাথিতে বাংলাদেশির মৃত্যু

ওমানে উটের লাথি খেয়ে ফায়াজ মিয়া নামে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। বুধবার উটের খামারে কর্মরত অবস্থায় তিনি মারা যান।
ফায়াজ প্রায় ৩ বছর আগে জীবিকার তাগিদে ওমানে পাড়ি জমান। তার দেশের বাড়ি মৌলভীবাজার জেলার, কুলাউড়া উপজেলার দক্ষিণ দিলদারপুর গ্রামে। তিনি ওমানের ইবরা শহরের একটি সবজি বাগানে কাজের পাশাপাশি, নিকটস্থ একটি উটের খামারে খন্ডকালীন কাজ করতেন।
গত বুধবার উটকে খাবার দিতে গেলে, উটের লাথিতে তার মাথা ফেটে গিয়ে রক্তক্ষরণ হতে আরম্ভ করে। খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ফায়াজের মৃত্যুতে স্বজন ও পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। আইনী প্রক্রিয়া শেষে ফায়াজের মরদেহ দেশে পাঠানো হবে।



