আসামিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে: কাদের

বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধু হত্যা মামলার সকল আসামিকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মহিলা আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এ কথা জানান। এ সময় তিনি বলেন, শুধু মাত্র হত্যাকাণ্ডে জড়িতদের নয় এর পেছনের মাস্টার মাইনদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে।
তিনি বলেন, দেশের রাজনীতিতে হত্যা, সন্ত্রাস, ষড়যন্ত্র আর সাম্প্রদায়িকতার বিস্তার তাদের হাত ধরেই। এখনও তারা সেই অপচেষ্টা অব্যাহত রেখেছে। খুনিরা তাদের ষড়যন্ত্রের জাল এখনও ছড়িয়ে রেখেছে। দেশে-বিদেশে এখনও ষড়যন্ত্র চলছে। তলে তলে আবারো প্রস্তুতি নিচ্ছে তারা।
কাদের বলেন, ‘বঙ্গবন্ধুর যৌবনের উত্তাপ দিয়ে গড়া স্বাধীন বাংলাদেশের মাটিতে তার সমাধির জন্য দু’গজ জমিও জুটলো না। স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার এতই বদনসিব যে, তার মরদেহ সমাধি করা হলো রাজধানী থেকে অনেক দূরের টুঙ্গিপাড়ায়।’
কাদের আরো বলেন, ‘বাংলাদেশের মাটি কী হজম করতে পারে বঙ্গবন্ধু মুজিবের রক্ত? বাংলাদেশের মানচিত্রে যার অস্তিত্ব, চরিত্র হননের কোনও ছোরা দিয়ে তাকে কী নিধন করা হয়ে গেছে? না, শত ষড়যন্ত্র আর হাজার চেষ্টার পরও মুজিব মরেনি। বঙ্গবন্ধু বেঁচে আছেন কোটি কোটি মানুষের হৃদয়ে। যতদিন বাংলায় চন্দ্র-সূর্য উদয় হবে, যতদিন এ জনপদে পাখির কলরব থাকবে, নদীর কলতান থাকবে, সাগরের গর্জন থাকবে, বিশ্ব মানচিত্রে বাংলা নামের দেশ থাকবে, ততদিন বঙ্গবন্ধু মুজিব আপনিও বেঁচে থাকবেন।’
তিনি বলেন, ‘ইতিহাসের নানা চড়াই-উৎরাই পেরিয়ে ১৯৮১ সালে মুজিববিহীন বাংলায় ফিরে আসেন মুজিব কন্যা। প্রতিকূল আবহাওয়ায় তাকে বরণ করি হৃদয়ের সবটুকু আবেগ কষ্ট আর ভালোবাসায়। শেখ হাসিনা ধীরে ধীরে হয়ে ওঠেন আমাদের আস্থার ঠিকানা, আশার নিউক্লিয়াস, উন্নয়ন ও অগ্রযাত্রার পুরোধা। তাকে ঘিরেই আজকের বাংলাদেশ। আজকের সমৃদ্ধিও এগিয়ে চলা।’



