কুমিল্লায় গণপরিবহনে চাঁদাবাজিকালে আটক ৩

কুমিল্লা নগরীর পালপাড়া ব্রীজ এলাকা থেকে গণপরিবহনে চাঁদাবাজিকালে সংগবদ্ধ ৩ চাঁদাবাজকে আটক করেছে র্যাব-১১।
বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদ পেয়ে র্যাব-১১ এর একটি দল কুমিল্লার কোতয়ালি থানার পালপাড়া ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে, ভূয়া রশিদের মাধ্যমে বিভিন্ন গণপরিবহনে চাঁদাবাজী করার সময় ৩ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলো, সোহাগ মিয়া, মামুন মিয়া ও মোঃ শহিদ। এসময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের নগদ ১৬ হাজার ১শ ৩০ টাকা ও চাঁদা আদায়ের ২৫ টি ভূয়া রশিদ এবং ৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দির টোল প্লাজা থেকে ২০ হাজার পিচ ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তারা হলো, নোয়াখালীর চাটখিল উপজেলার রুদ্র রামপুর গ্রামের ইমাম, তার স্ত্রী সোনিয়া এবং লক্ষীপুর জেলার মাহবুবুল আলম। অন্যদিকে, ফেনীতে ৮০ বোতল ফেনসিডিলসহ মোঃ ইছা নামে এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব।



