বিশ্ববাংলা
আবুধাবিতে কুড়িয়ে পাওয়া এক লাখ দিরহাম ফেরত দিলেন এক বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে কুড়িয়ে পাওয়া, এক লাখ দিরহাম স্থানীয় পুলিশের কাছে জমা দিয়েছেন মহসিন সুমন নামে এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী।
জানা যায়, রিকভারি ট্রলি গাড়ি পরিষ্কার করার সময়, এক লাখ দিরহাম অর্থাৎ বাংলাদেশি টাকায় ২২ লাখ ৪৫ হাজার টাকার সন্ধান পান সুমনের আরাফাত কারওয়াশ সেন্টারের কর্মীরা। কর্মীরা তাকে এ বিষয়ে জানালে তিনি টাকার প্রকৃত মালিককে খুঁজতে থাকেন।
গাড়িটি নাম্বার প্লেটবিহীন হওয়ায়, তিনদিন অপেক্ষা করার পর গাড়ি এবং টাকার মালিকের কোন খোঁজ না পেয়ে, পুলিশের হাতে সেই টাকা তুলে দেন মহসিন। এ ঘটনায় দেশটিতে বাংলাদেশিদের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।
মহসিনের বাড়ী বাংলাদেশের ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলায়। তিনি ২০০১ সাল থেকে আবুধাবির মুসাফফায় কারওয়াশের ব্যবসা করে আসছেন। এদিকে, পুলিশ টাকার প্রকৃত মালিককে খুঁজছে বলে জানা গেছে।



