ধর্ষণ ও হত্যার স্বীকারোক্তির পর বাড়ি ফিরলো কিশোরী; হাইকোর্টে রিট

কিশোরীকে ধর্ষণের পর হত্যা করে নদীতে ভাসিয়ে দেয়া হয়েছে আসামিরদের এমন স্বীকারোক্তির ৪৯ দিন পর জীবিত বাড়ি ফিরলো কিশোরী। এ ঘটনায় ব্যবস্থা চেয়ে হাইকোর্টে আবেদন হয়েছে।
নারায়ণগঞ্জ শহরের পঞ্চম শ্রেণির ছাত্রী দিশা মনি গত ৪ঠা জুলাই বাড়ি থেকে নিখোঁজ হয়। দীর্ঘদিন খোঁজাখুঁজির পর মেয়ের সন্ধান না পেয়ে, এক মাস পর ৬ আগস্ট থানায় অপহরণ মামলা করেন দিশা মনির বাবা জাহাঙ্গীর হোসেন।
এ ঘটনায় দিশার মায়ের মোবাইল ফোনের কল লিস্টের সূত্র ধরে রকিব, আবদুল্লাহ ও খলিল নামে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে, তিন আসামিকে দু’দফা রিমান্ডে নেয় পুলিশ।
এরপর পুলিশ জানায়, আসামিরা কিশোরী দিশাকে ধর্ষণের পর হত্যা করে শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দেয়ার কথা স্বীকার করেছে। কিন্তু, ঘটনার দেড় মাস পর ২৩ আগস্ট ফিরে আসে কিশোরী দিশা মনি।
এখন, রিমান্ডে তিনজনকে নির্যাতন করে জোরপূর্বক ধর্ষণ ও হত্যার স্বীকারোক্তি নেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আসামিদের পরিবার।



