অস্ট্রেলিয়ায় নির্মিত হচ্ছে স্থায়ী শহীদ মিনার

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের মেলবোর্নের পশ্চিমে উইন্ডহ্যাম সিটি কাউন্সিলের উদ্যোগে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের জন্য একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মিত হতে যাচ্ছে।
সিটি মেয়র আনুষ্ঠানিকভাবে এর জন্য বাজেট ঘোষণা করেছেন। সিটি কাউন্সিল মেয়রের সাথে ভিক্টোরিয়ান বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশন-ভিবিসিএফ নেতৃবৃন্দের সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উইন্ডহ্যাম সিটি মেয়র যশ গিলিগ্যান ঘোষণা করেন যে, ২০২০-২১ অর্থবছরের জন্য কাউন্সিলের যে বাজেট পাস হয়েছে তাতে এই স্মৃতিস্তম্ভ নির্মাণের বাজেটও অন্তর্ভুক্ত রয়েছে। স্থায়ী স্মৃতিসৌধের প্রকল্পটির প্রস্তাব, ২০১৬ সালের ৮ জুলাই আনুষ্ঠানিকভাবে কাউন্সিলের মাধ্যমে দেয়া হয়েছিল।
ভিক্টোরিয়ান বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশন এবং উইন্ডহ্যাম সিটি কাউন্সিলের মেয়রের মধ্যে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন, ব্যারিস্টার ও সলিসিটার এম নুরুল ইসলাম খান মানিক।
তিনি বলেন, ”এটি ভিবিসিএফের জন্য একটি মাইলফলক অর্জন। গত কয়েক বছরের প্রচেষ্টা আজ সফল হতে চলেছে।” এই স্মৃতিস্তম্ভটি স্থাপনের জন্য ধার্য করা হয়েছে মোট ৩ লাখ ২০,০০০ ডলার এবং ২০২১ সালের জুনের মধ্যে এই প্রকল্পটির কাজ সম্পন্ন হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
মাসুম বিল্লাহ, অস্ট্রেলিয়া প্রতিনিধি



