বিশ্ববাংলা

পাপুলের ভাইকে কুয়েত তদন্ত কমিটির তলব

মানব ও অর্থপাচারসহ ভিসা বাণিজ্যের অভিযোগে, কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুরের সাংসদ মো. শহীদ ইসলাম পাপুলের ছোটভাই কাজী বদরুলকে তলবের সিদ্ধান্ত নিয়েছে দেশটির তদন্ত কমিটি।

কুয়েতের জনপ্রিয় আরবি দৈনিক আল-রাইয়ের বরাত দিয়ে কুয়েত টাইমস জানায়, নতুন তথ্য পাওয়ার পর কাজী বদরুলকে তলব করার নির্দেশ দেওয়া হয়। কুয়েত টাইমস জানিয়েছে, পাপুলের স্ত্রী এবং অন্যদের সঙ্গে তার ভাই বদরুলও মানবপাচারে জড়িত; এমন ইঙ্গিত পাওয়ার পর তাকে তলবের নির্দেশ এসেছে।

গত ৬ জুন মানবপাচার, ভিসা জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে পাপুলকে গ্রেফতার করে কুয়েতের পুলিশ। জিজ্ঞাসাবাদে মানুষের সাথে প্রতারণা করে সম্পদ গড়ার কথা তিনি জানান এবং বিভিন্ন সুযোগ-সুবিধা পেতে, এই কাজে তাকে কুয়েতের প্রভাবশালী সরকারি কর্মকর্তারা যে সহায়তা করেছেন, তাও বলেন তিনি।

পাপুলের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগে গ্রেফতার কুয়েতের দুই আইনপ্রণেতা সাদৌন হামদ এবং সালাহ খোরশিদ শনিবার জামিন পেয়েছেন। দুজনই ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অস্বীকার করে দাবি করেন, পাপুলকে তারা চেনেন না এবং তার সঙ্গে কোনও যোগাযোগ ছিল না।

ওই দুইজন আদালতকে জানিয়েছেন, এই মামলার মোড় ঘোরানোর জন্য পাপুল তাদের নাম বলেছেন।  ২৪ জুন পর্যন্ত ২১ দিনের রিমান্ড শেষে পাপুলকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে আরও কয়েকবার আটকাদেশ বাড়িয়ে তা ২২ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button