দেশবাংলা

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপ‌থে ফেরি চলাচল বন্ধ। এ নৌপথে একমাত্র চালু থাকা পদ্মাসেতু চ্যানেলটিতেও নাব্য সংকট দেখা দেয়ায় বৃহস্পতিবার সকাল থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এ রুটে আজ আর ফেরি চলাচল চালু না হওয়ারও শঙ্কা প্রকাশ করে কর্তৃপক্ষ।

জানা যায়, সকাল ৬ টার দিকে কলমিলতা ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে ছেড়ে গিয়েছিল। তবে পথিমধ্যে চ্যানেলের নাব্য সংকট হওয়ায় আবার ঘাটে ফিরে আসে। বর্তমানে প্রায় চার শতাধিক গাড়ি পারের অপেক্ষায় আছে শিমুলিয়া ঘাটে।

এদিকে রাতে শিমুলিয়া-কাঠাঁলবাড়ি ঘাটে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ এলাকায় সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে গিয়ে এ চিত্র দেখা দেখা গিয়েছে।

এর আগে, শনিবার (২৯ আগস্ট) থেকে তীব্র স্রোত ও পদ্মা সেতুর কাজের নিরাপত্তাজনিত কারণে সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় নৌপরিবহন মন্ত্রণালয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানানো হয়।

ফলে শনিবার থেকে ১২ ঘণ্টার ব্যবধানেই চলছিল ফেরি পারাপার। তীব্র স্রোত, নাব্য সংকট ও বৃষ্টিতে দিনের ১২ ঘণ্টার সময়কালেও স্বাভাবিক নিয়মে ফেরি চালানো যায়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button