বিশ্ববাংলা

‘নিজ কোম্পানির সাথে যোগাযোগ করে মালয়েশিয়া যাওয়া যাবে’

রিকভারি মুভমেন্ট কন্ট্রোল অর্ডার চলাকালে বিদেশি সাধারণ কর্মীদের মালয়েশিয়ায় প্রবেশের সুযোগ নেই। এটি তুলে নিলে, নিজ নিজ কোম্পানির সাথে যোগাযোগ করে, মালয়েশিয়ায় যাওয়ার ব্যবস্থা করতে হবে বলে জানিয়েছে, মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস।

বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার নিজস্ব ফেসবুক পেইজে এই পোষ্ট করা হয়। এতে বলা হয়, বর্তমানে যে সকল কর্মীরা মালয়েশিয়া থেকে ছুটিতে গিয়ে বাংলাদেশে অবস্থান করে দেশটিতে ফেরার অপেক্ষায় আছেন এবং যাদের ইতোমধ্যে ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তাঁদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, করোনাভাইরাস পরিস্থিতির কারণে মালয়েশিয়া সরকার রিকভারি মুভমেন্ট কন্ট্রোল অর্ডার জারি করেছে।

 এটি চলাকালে, বিদেশী সাধারণ কর্মীদের মালয়েশিয়ায় প্রবেশের সুযোগ নেই। এ অর্ডার তুলে নিলে, নিজ নিজ কোম্পানির সাথে যোগাযোগ করে মালয়েশিয়ায় যাওয়ার ব্যবস্থা করতে হবে।

এ সুযোগে এক শ্রেণীর দুষ্ট চক্র ভিসা প্রদানসহ মালয়েশিয়া ফেরত যাওয়ার বিষয়ে প্রলোভন দিয়ে, টাকা পয়সা হাতিয়ে নেবার চেষ্টা করছে। এ বিষয়ে সতর্ক থাকার জন্য অনুরোধও করা হয়েছে।

অন্যদিকে, দেশটির রাজধানী কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে দেশটির সিনিয়র মন্ত্রী দাতো সেরী ইসমাইল সাবরি ইয়াকুব জানান ,যেসব দেশে দেড় লাখের বেশি মানুষ করোনা শনাক্ত হয়েছে সেসব দেশকে পরবতী নির্দেশনা না দেয়া পর্যন্ত, মালয়েশিয়ায় প্রবেশ করতে দেয়া হবে না এবং আগামী ৭ সেপ্টেম্বর থেকে  এই প্রবেশ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

মালয়েশিয়া প্রবেশে নিষেধাজ্ঞাভূক্ত দেশের তালিকায় রয়েছে, বাংলাদেশসহ ১২টি দেশ। মন্ত্রী আরও বলেন, জরুরি পরিস্থিতি বা দ্বিপক্ষীয় সম্পর্কের সাথে জড়িত দেশগুলোর মধ্যে কোন ব্যক্তি যদি জরুরী বৈঠকের জন্য যেতে চায় তারা তাদের প্রবেশের অনুমতি দেবেন। তবে ইমিগ্রেশন বিভাগের কাছ থেকে অনুমতি নিতে হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button