আইন-বিচারবাংলাদেশ

সিনহা হত্যা: ১৩ সুপারিশসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ডের ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়েছে তদন্ত কমিটি। হত্যাকান্ডের ঘটনা দু:খজনক উল্লেখ করে কমিটির সুপারিশগুলো বাস্তবায়ন করার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার বেলা সাড়ে ১১টায় সিনহা হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিবেদন জমা দিতে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যায় তদন্ত কমিটির প্রতিনিধি দল। ১২টার দিকে প্রতিবেদন হস্তান্তর করেন কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও সরকারের যুগ্মসচিব মোহাম্মদ মিজানুর রহমান।

হত্যাকান্ডের ঘটনায় সংশ্লিষ্টদের বক্তব্য থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত যাচাই-বাছাই ও বিশ্লেষণ করে প্রতিবেদনটি চূড়ান্ত করা হয়েছে বলে জানান কমিটি প্রধান। ভবিষ্যতে এ ধরনের অনাকঙ্খিত ঘটনা যাতে না ঘটে সেজন্য ১৩টি সুপারিশও করেছে কমিটি।

এ সময়, সিনহা নিহতের ঘটনাকে অনাকাঙ্খিত উল্লেখ করে এতে জনসেবায় নিয়োজিত পুলিশ বাহিনীর সুনাম ক্ষুন্ন হবে না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিশেষ কারণে প্রতিবেদনটি প্রকাশ করা হবে না জানিয়ে তদন্ত কমিটির সুপারিশগুলো বাস্তবায়নের আশ্বাস দেন  স্বরাষ্ট্রমন্ত্রী।

গেলো ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো.রাশেদ খান।

হাকিম মোড়ল, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button