সরকার পরিবর্তন চাইলে, আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করুন: বিএনপিকে কাদের

সরকার পরিবর্তন চাইলে, আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাজীপুর থেকে ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত বাস্তবায়নাধীন বাস র্যাপিড ট্রানজিট-বিআরটি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় যোগ দিয়ে একথা বলেন তিনি।
গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন হয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তনের কোন পরিস্থিতি দেশে বিরাজমান নেই। আর বিএনপি যদি চোরাগলি দিয়ে ক্ষমতার স্বর্ণদুয়ারে পৌঁছাবে বলে ভাবে তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন।
এসময় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে মন্ত্রী পরিবহন, মালিক ও শ্রমিকদের পাশাপাশি স্বাস্থ্যবিধির প্রতি কঠোর হওয়ারও আহ্বান জানান।
এছাড়া, সড়কে শৃঙ্খলা বিধানে বিআরটিএ এবং জেলা প্রশাসনের মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত রাখার জন্য নির্দেশ দেন।
বুলবুল আহমেদ, বাংলা টিভি



