ব্রিটেনে ওয়ার্ক পারমিট ভিসার শর্ত শিথিলের ঘোষণা

২০২১ সালের ১ জানুয়ারি থেকে ব্রিটেনের ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রেও শর্ত শিথিল করার ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার। এর ফলে বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীদের ব্রিটেনে পড়াশোনা ও কাজের সুযোগ পুনরায় উন্মুক্ত হতে চলেছে।
জানা যায়, ২০২০ সালের ‘টিয়ার ফোর স্টুডেন্ট’ ভিসায় কিছু পরিবর্তন আনা হয়েছে। আগে যেটি ৪০ পয়েন্ট ছিল এখন তা ৭০ পয়েন্ট করা হয়েছে। কনফার্মেশন অব অ্যাকসেপট্যান্স স্টাডিজ (সিএএস) পেপারে ৫০ পয়েন্ট, ১০ পয়েন্ট ল্যাংগুয়েজে এবং ১০ পয়েন্ট ব্যাংক সলভেন্সির জন্য। ২০২০ সালের অক্টোবরের ৫ তারিখের পর যারা ব্রিটেনে আসবেন তাদের জন্য এ নিয়ম প্রযোজ্য হবে।
আরো জানা যায়, এখন বিশ্ববিদ্যালয় পর্যায় ছাড়া কোনও শিক্ষার্থী আসতে পারছেন না। কাজের সময়সীমা সর্বোচ্চ ২০ ঘণ্টা। স্টুডেন্টদের ডিপেন্ডেন্টদের ক্ষেত্রে এখন ফুলটাইম কাজের সুযোগ দেওয়া হয়েছে নতুন নীতিতে। এখন শিক্ষার্থীদের জন্য স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে একজন শিক্ষার্থী লেখাপড়া শেষ করার পর ২ বছর ও ডক্টরেট বা পিএইচডি পর্যায়ে একজন শিক্ষার্থী ৩ বছর ফুল টাইম কাজের সুযোগ পাবেন।
এদিকে, ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রেও আগামী জানুয়ারি থেকে বিভিন্ন শর্ত শিথিল করা হয়েছে। দক্ষ শ্রমিক (স্কিল ওয়ার্কার) রুটে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ‘লেভেল সিক্স’র শর্তাবলি পূরণের যোগ্যতা চাওয়া হলেও জানুয়ারি থেকে তা ‘লেভেল থ্রি’তে নামিয়ে আনা হবে।
ব্রিটিশ সরকারের ইমিগ্রেশন অ্যাডভাইজারি কমিটি (ম্যাক) কর্মী স্বল্পতা থাকা পেশার তালিকায় (শর্টেজ অকুপেশন লিস্টে) নতুন করে ৭০টি পেশার প্রস্তাব করেছে। এতে নতুন করে বহু পেশার মানুষের পক্ষে ব্রিটেনে আসার পথ সুগম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে, ওয়ার্ক পারমিটের ক্ষেত্রেও ২০০৩ বা তার পরবর্তী সময়ে ব্রিটেনে আসা বাংলাদেশিদের প্রায় ৭০ শতাংশই প্রতারণার শিকার হন। একই ওয়ার্ক পারমিট একাধিক ব্যক্তির কাছে বিক্রি, ওয়ার্ক পারমিটদাতা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া, কর্মীকে প্রতিশ্রুত বেতন না দেওয়া, ভিসায় উল্লেখ থাকা কাজে নিয়োগ না দিয়ে অন্য কাজে বাধ্য করা, ভিসা বৈধ
রাখতে ট্যাক্সের অর্থসহ বিভিন্ন অর্থ কর্মীর কাছ থেকে আদায় করার ঘটনা ঘটে। আর স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে ভিসা পাওয়া শিক্ষার্থীরা লন্ডনে এসে জানতে পারেন টাকা জমা দেয়া হয়নি। এসব বন্ধ করেছে সরকার। এখন বিশ্ববিদ্যালয় পর্যায় ছাড়া কোনও শিক্ষার্থী আসতে পারছেন না।



