কুমিল্লায় যুবকের হামলায় মা ও আট মাসের ভাতিজি খুন

বাংলা টিভি ডেস্ক: কুমিল্লার দেবিদ্বারে এক যুবকের ধারালো অস্ত্রের হামলায় তার মা ও আট মাস বয়সী ভাতিজি নিহত হয়েছেন। এ ঘটনায় বাধা দিতে গিয়ে গুরুতর আহত হয়েছেন ওই যুবকের ভাবি।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণ পাড়ায় মোস্তফা মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন যুবকের মা পেয়ারা বেগম ও তার আট মাস বয়সী ভাতিজি। হামলায় গুরুতর আহত হয়েছেন রাবেয়া বেগম। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত যুবক ইমনকে (২৪) আটক করে একটি ঘরে তালাবদ্ধ করে রাখেন। ইমন ওই বাড়ির মৃত ফরিদ মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, সোমবার সকালে হঠাৎ উত্তেজিত হয়ে ইমন দা নিয়ে তার মা পেয়ারা বেগমের ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এরপর আট মাস বয়সী ভাতিজিকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
এ সময় রাবেয়া বেগম বাধা দিতে এগিয়ে এলে তাকেও দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। একই সঙ্গে অভিযুক্ত ইমনকে পাশের একটি ঘরে আটকে রাখেন তারা।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।
ওসি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, অভিযুক্ত ইমন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তবে কী কারণে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করার পর ঘটনার বিস্তারিত জানা যাবে।



