‘মনে হচ্ছে ৯৬ এর প্রেম আবারও জেগে উঠেছে’ জামায়াতকে রাশেদ

বাংলা টিভি ডেস্ক: জামায়াতকে উদ্দেশ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, দলটির সঙ্গে আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক সম্পর্ক যেন আবারও ফিরে আসছে। একই সঙ্গে এই সমীকরণের মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান কী হবে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
সোমবার (২১ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।
পোস্টে তিনি লেখেন, দুটি বিরোধী দলের ‘অপতৎপরতা’ সামলেই বিএনপি সরকারকে দেশ পরিচালনা করতে হচ্ছে। এর মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফরকে কেন্দ্র করে নিউইয়র্কে আওয়ামী লীগের ‘বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা’ হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
রাশেদের দাবি, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বাস ও ট্রেনে আগুন দেওয়া, ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করছে। একই সঙ্গে বিদেশের মাটিতেও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
জামায়াতের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, তার কাছে মনে হচ্ছে শক্তিশালী বিরোধী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে জামায়াত আওয়ামী লীগের পথ অনুসরণ করছে। নির্বাচনের পর জাতীয় সংসদে জামায়াতের এমপিদের ভূমিকা নিয়ে দেশ-বিদেশে প্রশ্ন তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি।
এ ছাড়া এনসিপি জামায়াতের সঙ্গে একীভূত হওয়ায় দলটির কার্যকর বিরোধী দল হিসেবে ভূমিকা রাখার সম্ভাবনাও কমেছে বলে মন্তব্য করেন রাশেদ।
তিনি আরও বলেন, অনেকের ধারণা, পরিস্থিতি বুঝে জামায়াত রাজপথে আন্দোলন জোরদার করে বিরোধী দলের অবস্থান ধরে রাখতে চাইছে। অন্যদিকে জামায়াতের সংসদ সদস্যদের কার্যক্রমের কারণে আওয়ামী লীগও বিরোধী দলের ভূমিকায় ফেরার সুযোগ খুঁজছে বলে তিনি মন্তব্য করেন।
রাশেদ খাঁনের ভাষ্য, আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ এবং জামায়াতের ‘হঠকারী রাজনীতি’—দুই দিক সামলেই বিএনপি সরকারকে দেশ পরিচালনা করতে হচ্ছে।
তবে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে জামায়াতেরও সম্মিলিতভাবে অবস্থান নেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি। তার অভিযোগ, আওয়ামী লীগ ইস্যুতে জামায়াত পুরোপুরি নীরব ভূমিকা পালন করছে।
পোস্টের শেষ দিকে জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের অতীত রাজনৈতিক সম্পর্কের প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন লেখেন, ‘মনে হচ্ছে ৯৬-এর পুরোনো প্রেম আবারও জেগে উঠেছে।’ একই সঙ্গে তিনি প্রশ্ন রাখেন, ‘এই প্রেমের মাঝখানে এনসিপির অবস্থান কী হবে!’



