
কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি মাদ্রাসায় হামলার ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ছয় জনে। নিহত ব্যক্তিরা সবাই ওই মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আহত অবস্থায় রয়েছে আরও আট থেকে নয় জনকে উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন—মাদ্রাসার শিক্ষক ও হাফেজ মো. ইদ্রীস (৩২), ইব্রাহীম হোসেন (২২), ছাত্র আজিজুল হক (২৬), ক্যাম্পের স্বেচ্ছাসেবক মো. আমীন (৩২), মাদ্রাসার শিক্ষক নুর আলম ওরফে হালিম (৪৫) ও মাদ্রাসার শিক্ষক হামিদুল্লাহ (৫৫)। এ ছাড়া নুর কায়সার (১৫) নামের আহত এক ছাত্রের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শুক্রবার (২২ অক্টোবর) ভোর সোয়া ৪টার দিকে উখিয়ার এফডিএমএন ক্যাম্প-১৮ এইচ-৫২ ব্লকে ‘দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল-ইসলামিয়াহ’ মাদরাসায় এ হামলার ঘটনা ঘটে। এরই মধ্যে এ ঘটনায় জড়িত সন্দেহে অস্ত্রসহ একজনকে আটক করেছে পুলিশ।
রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার শিহাব কায়সার এসব তথ্য নিশ্চিত করেন।



