জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

বাংলা টিভি ডেস্ক: জ্বালানি সরবরাহ বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে প্রতিদিন ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে এ গ্যাস সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর এলাকায় অবস্থিত তিতাস-২৮ নম্বর কূপটির খননকাজ শুরু হয় গত বছরের ১৫ ডিসেম্বর। একটি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ৩ হাজার ৫২৬ মিটার গভীর পর্যন্ত খনন শেষে কূপটির প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা সম্পন্ন করা হয়।
এরপর পরীক্ষামূলকভাবে গত ১৯ জুন থেকে কূপটি দিয়ে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়। এ সময়ের মধ্যে প্রায় ২০০ কোটি টাকা মূল্যের গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে বলে জানা গেছে। এখন থেকে কূপটি থেকে নিয়মিতভাবে প্রতিদিন নির্ধারিত পরিমাণ গ্যাস সরবরাহ করা হবে।
তিতাস গ্যাসক্ষেত্রে বর্তমানে ২৩টি কূপ চালু রয়েছে। এসব কূপ থেকে প্রতিদিন গড়ে ৩৩১ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। নতুন ২৮ নম্বর কূপের উৎপাদন যুক্ত হওয়ায় তিতাস গ্যাসক্ষেত্র থেকে মোট সরবরাহ আরও বাড়বে। এর ফলে দেশের সামগ্রিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন।



