বাংলাদেশ

রাস্তার অনিয়মের সংবাদ সংগ্রহকালে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা

কুষ্টিয়া প্রতিনিধি( ডিজিটাল): কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার কুন্ডুপাড়া এলাকায় সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলা টিভির কুমারখালী প্রতিনিধি এম এ উল্লাস। হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কুন্ডুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত সাংবাদিককে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

আহত সাংবাদিক এম এ উল্লাসের অভিযোগ, কুন্ডুপাড়ার একটি সড়ক নির্মাণকাজে নিম্নমানের ইট, বালু ও খোয়া ব্যবহার করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে তিনি ঘটনাস্থলে যান। সেখানে নির্মাণকাজের বিষয়ে তথ্য সংগ্রহের সময় কুষ্টিয়া-৪ আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য আফজাল হোসেনের ভাই ও ভাতিজাদের নেতৃত্বে একদল ব্যক্তি তার ওপর হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।

এ সময় পুলিশ হামলা ঠেকানোর চেষ্টা করলেও হামলাকারীদের সংখ্যা বেশি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় বলে জানা গেছে।

অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কুষ্টিয়ায় কর্মরত সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। কুষ্টিয়া প্রেসক্লাবের কয়েকজন সাংবাদিক বলেন, দায়িত্ব পালনরত একজন সাংবাদিকের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার পরিবেশের জন্য উদ্বেগজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি হামলায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনাটি তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

সংশ্লিষ্ট খবর

Back to top button