রাজনীতিবিএনপি

সাতকানিয়া বিএনপি: দীর্ঘ দ্বন্দ্ব মিটিয়ে মুজিব-জামালের ঐক্য

দীর্ঘদিনের বৈরিতার অবসান ঘটিয়ে এবার ঐক্যের সুর উঠেছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা বিএনপি পরিবারে। এ লক্ষ্যে সোমবার দীর্ঘ রাজনৈতিক দ্বন্দ্ব মিটিয়ে সাতকানিয়া উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আলহাজ মুজিবুর রহমান চেয়ারম্যানের গ্রামের বাড়িতে আয়োজিত মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে যোগ দেন, উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক ও দক্ষিণ জেলা বিএনপি’র আরেক যুগ্ম আহ্বায়ক জামাল হোসেনসহ জেলা-উপজেলা পর্যায়ের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ।

এ নিয়ে ইতিমধ্যে উপজেলা বিএনপি পরিবারের মাঝে বইছে আনন্দের হাওয়া। উপজেলা পর্যায়ের একাধিক বিএনপি নেতা বলেন, স্বৈরাচার আমলে শত মামলা-হামলার শিকার হয়েও বিএনপি’র হাল ধরে রেখেছিলেন মুজিব চেয়ারম্যান। কিন্তু পরবর্তীতে জামাল ভাইকে আহ্বায়ক করে কমিটি ঘোষণা করার পর দুই নেতার মাঝে রাজনৈতিক দ্বন্দ্ব শুরু হয়।

নেতৃবৃন্দ বলেন, আমাদের মনে হয়েছিল এই বিরোধ কখনো নিরসন হবে না। তবে গত কিছুদিন ধরে মুজিব ভাই নিয়মিত বলে যাচ্ছিলেন বিএনপি’র ঐক্য প্রসঙ্গে। ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যস্থতায় সাতকানিয়া ও লোহাগাড়া বিএনপি’র মাঝে ঐক্য হয়েছে। আমরা মনে করি, বিএনপি’র আজকের এই ঐক্য পরবর্তীতে বিএনপি’র রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এই ঐক্য আমাদের জন্য অত্যন্ত আনন্দের।

এর আগে সাতকানিয়া ও লোহাগাড়া বিএনপি’র নেতৃবৃন্দকে নিয়ে গত ১৭ই জুলাই ও ২০শে জুলাই চট্টগ্রাম শহরে দুই দফা ঐক্য প্রক্রিয়ার বৈঠক করেন দক্ষিণ জেলা বিএনপি’র নেতৃবৃন্দ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ বৈঠকে নেতৃত্ব দেন বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

এ দুই বৈঠকে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক আলহাজ ইদ্রিস মিয়া, সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী, জামাল হোসেন, মুজিবুর রহমান, জেলা বিএনপি’র সম্মানিত সদস্য অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন, নাজমুল মোস্তফা আমিন এবং এসএম ছলিম উদ্দিন খোকন চৌধুরী’সহ সাতকানিয়া ও লোহাগাড়া বিএনপি’র উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ। পরদিন সাতকানিয়া উপজেলা বিএনপি নেতাদের নিয়ে ভোজের আয়োজন করেন মুজিব চেয়ারম্যান। তবে এ আয়োজনে লোহাগাড়ার কোনো নেতৃবৃন্দের উপস্থিতিতি লক্ষ্য করা যায়নি।

 

এসআর/ বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button