
সম্প্রতি বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম বিস্ফোরক অভিযোগে করেন। সেই যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে চারজন কর্মকর্তাকে বিশেষ দায়িত্বে ‘ন্যস্ত’ (ওএসডি) করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ওএসডি করা কর্মকর্তারা হলেন— ম্যানেজার এস এম গোলাম ফায়েজ, ফিজিও সুরাইয়া আক্তার, কোচ মাহমুদ ইমন এবং কর্মকর্তা সারফরাজ বাবু।
বিসিবি সিইও নিয়াজ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। এক জাতীয় দৈনিককে তিনি বলেন, ‘বোর্ড সেই সব ব্যক্তিদের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে।’
তিনি আরও বলেন, এই বিষয়টি বোর্ড যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখছে।
এ ঘটনায় প্রধান অভিযুক্ত মঞ্জুরুল ইসলাম, প্রাক্তন ম্যানেজার ও নির্বাচক, বর্তমানে চীনে অবস্থান করছেন।
এর আগে এ বিষয়ে শুক্রবার রাতে ফেসবুক পোস্টে তিনি অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। বিসিবির তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, যেকোনো তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত।
শনিবার বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে। এতে আহ্বায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিম। আর সদস্য হিসেবে রয়েছেন নতুন নিযুক্ত বিসিবি পরিচালক রুবাবা দৌলা ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার সরওয়াত সিরাজ শুক্লা।



