বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘সংকটময়’ বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বাদ জুম্মা নয়াপল্টন কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিলের পরে সাংবাদিকদের কাছে তিনি একথা জানান।
তিনি বলেন, সেজন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে দেশনেত্রী খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সারাদেশের জনগণের কাছে, বাদ জুম্মা আমরা সারা দেশের মসজিদে মসজিদে দোয়া চেয়েছিলাম এবং সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে নয়াপল্টনের মসজিদে নামাজ আদায় করে আমরা সবাই দেশনেত্রীর রোগ মুক্তির জন্য পরম করুণাময় আল্লাহ তালার কাছে দোয়া চেয়েছি।
তিনি বলেন, ম্যাডাম অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে আছেন। গতকাল রাতে আমি প্রায় ২টার দিকে হাসপাতাল থেকে ফিরেছি। তখনও ডাক্তাররা চেষ্টা করছিলেন, কাজ করছিলেন।
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতায় রাজধানীসহ সারা দেশে মসজিদে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গত ২৩ নভেম্বর রাতে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। রাতেই মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার ফুসফুসে ইনফেকশন হয়েছে। কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে উনার চিকিৎসা চলছে।



