বাংলাদেশবিএনপি

বিলম্ব হতে পারে খালেদা জিয়ার লন্ডনযাত্রায়

এভারকেয়ারে জুবাইদা রহমান

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়া হচ্ছে। সব কিছু ঠিক থাকলে আজ শুক্রবার (৫ ডিসেম্বর) যেকোনো সময় তার লন্ডনের উদ্দেশে রওনা দেয়ার কথা রয়েছে।

তবে গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য কাতার এয়ার অ্যাম্বুলেন্সে ‘কারিগরি সমস্যা’ দেখা দেয়ায় যাত্রা কিছুটা বিলম্বিত হতে পারে বলে বিএনপি সূত্র থেকে জানা গেছে।

আজ শুক্রবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি ত্রুটির কারণে আজ আসছে না কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। ফলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি কিছুটা বিলম্ব হবে।

তিনি বলেন, যদি খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশ যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেয় তাহলে আগামী রোববার (৭ ডিসেম্বর) তিনি উন্নত চিকিৎসার জন্য দেশ ছাড়বেন।

এদিকে শাহজালাল বিমানবন্দর থেকে রওনা করে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার কিছুক্ষণ আগে হাসপাতালে পৌঁছান তিনি।

এর আগে, এদিন সকাল পৌনে ১১টার কিছুক্ষণ আগে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি-৩০২ বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। গতকাল বৃহস্পতিবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা করেছিলেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button