চলতি সপ্তাহেই তফসিল: ইসি সানাউল্লাহ

চলতি সপ্তাহের যে কোনো দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। সেই সঙ্গে নির্বাচনের দিন ভোটের সময় এক ঘণ্টা বাড়িয়ে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (৭ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল, গণভোট এবং ভোটের আগে-পরে নানা বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠক শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, এর আগের নির্বাচনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলত বিকেল ৪টা পর্যন্ত। এরপর ভোট গণনা শুরু হত। এবার তা এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা করা হবে। সোমবার বিটিভিকে চিঠি দেওয়া হবে তফসিল রেকর্ড করার জন্য।
ভোটের দিন সাধারণ ছুটি থাকবে উল্লেখ করে তিনি বলেন, ব্যাংক, পোস্ট অফিস খোলা থাকবে ইসির প্রয়োজন অনুযায়ী। তফসিলের পর নতুন কোনো প্রকল্প অনুমোদন করতে পারবে না উপদেষ্টা পরিষদ। উপদেষ্টা পরিষদের কোনো সদস্যই পদে বহাল থেকে ভোট করতে পারবে না। আইন যাদের পারমিট করবে তারাই নির্বাচনে অংশ নিতে পারবে।
নির্বাচনী পোস্টার নিয়ে তিনি বলেন, তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টা সময় দেওয়া হবে পোস্টার সরাতে, না সরালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রবাসী ভোটারদের জন্য সোমবার থেকে ব্যালট ছাপানো হচ্ছে বলেও জানান এই ইসি সচিব।



