নির্বাচনের ট্রেনে উঠে গেছি, তফসিল চলতি সপ্তাহে হতে পারে : সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদের তফসিল চলতি সপ্তাহে হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ‘আমরা নির্বাচনের ট্রেনে উঠে গেছি।’
মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
এর আগে নির্বাচন কমিশন (ইসি) থেকে তিনি সরাসরি সুপ্রিম কোর্টে আসেন।
সিইসিকে সুপ্রিম কোর্টে স্বাগত জানান রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।
প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের বিষয়ে সিইসি বলেন, ‘প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি। তিনি এ মাসে অবসরে যাবেন। আমরা একসঙ্গে কাজ করেছি।
এদিকে আজ মঙ্গলবার নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা উপলক্ষে সিইসির ভাষণ চূড়ান্ত। ভাষণ রেকর্ড করার জন্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলদেশ বেতারকে চিঠি দেওয়া হয়েছে।
এর আগে সিইসি অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে নিয়ে বুধবার দুপুর সাড়ে ১২টায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে দেখা করে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানাবেন।
কমিশন সূত্র আরো জানায়, আগামীকাল বুধবার অথবা বৃহস্পতিবার জাতির উদ্দেশে সিইসির রেকর্ড করা ভাষণ সম্প্রচারের মাধ্যমে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে।
সূত্র জানায়, বিটিভি ও বাংলাদেশ বেতারকে দেওয়া চিঠিতে ভাষণ রেকর্ড করে তাৎক্ষণিকভাবে প্রচারের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।



