
একদিনের বিরতির পর কুড়িগ্রামে ফের মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। উত্তর দিক থেকে বয়ে আসা কনকনে হিমেল হাওয়ার প্রভাবে জেলাজুড়ে হাড়কাঁপানো শীত জেঁকে বসেছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ, এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। দিনের প্রায় ১৭ থেকে ১৮ ঘণ্টাই জেলায় তীব্র শীত অনুভূত হচ্ছে। দুপুরের দিকে সূর্যের দেখা মিললে এবং রোদের তাপ বাড়লে কিছুটা স্বস্তি মিললেও বিকেল নামার সঙ্গে সঙ্গে তাপমাত্রা দ্রুত কমে যায়। সন্ধ্যার পর পুরো জেলা আবারও কনকনে ঠান্ডার কবলে পড়ে।
রোববার (১১ জানুয়ারি) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার।



