নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড বড় ভূমিকা রাখবে: সালাহউদ্দিন আহমদ

আজ বৃহস্পতিবার বিকেলে কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আমরা এমন ব্যবস্থা প্রচলন করব, যাতে এ দেশের কোনো মা-বোন-ভাই দারিদ্র্যসীমার নিচে না থাকেন। আমরা একটি ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছি। এই ফ্যামিলি কার্ড বাড়ির প্রধান মহিলার নামে হবে। তাহলে তাঁর ক্ষমতায়ন হবে, তাঁর মর্যাদা বৃদ্ধি পাবে। সর্বোপরি নারীর ক্ষমতায়ন হবে।
তিনি কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী। আজ বেলা ১১টা থেকে তিনি আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘অবরুদ্ধ গণতন্ত্র মুক্তি পেয়েছে। মানুষের ভোটাধিকার আমরা ফেরত পেয়েছি। আমাদের এখন সেই ভোটাধিকার প্রয়োগের অপেক্ষা। ১২ ফেব্রুয়ারি আপনারা মুক্ত স্বাধীন পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন। এই ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে আমাদের শহীদেরা দেশকে যেভাবে দেখতে চেয়েছিলেন, সেই প্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করা হবে। আমরা সবাই রাষ্ট্রের মালিকানা ফেরত পাব।’



