বাংলাদেশ

পুরান ঢাকাকে বাসযোগ্য নগরী গড়ার ঘোষণা ইশরাকের

ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন পুরান ঢাকার দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা নিরসনে স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, উন্নয়ন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমেই পুরান ঢাকাকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করা হবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর সুরিটোলা স্কুলের সামনে নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন তার বক্তব্যে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের চিত্র তুলে ধরে বলেন, “পুরান ঢাকার গ্যাস সংকট এখন ভয়াবহ আকার ধারণ করেছে। রাস্তাঘাট ভেঙে চুরমার, ড্রেনেজ ব্যবস্থা অকেজো হয়ে নর্দমার পানি জমে থাকে। জলাবদ্ধতা, দূষণ এবং অসহনীয় ট্রাফিক জ্যামে এই অঞ্চলের মানুষ জর্জরিত।” তিনি নির্বাচিত হলে এসব নাগরিক সমস্যার অগ্রাধিকার ভিত্তিতে স্থায়ী সমাধানের আশ্বাস দেন।

বিএনপির দীর্ঘ সংগ্রামের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “আমরা গত ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে এই অবস্থানে এসেছি। আমাদের বহু ভাইয়ের রক্ত ও আত্মত্যাগ জড়িয়ে আছে এই লড়াইয়ে।”

৫ আগস্টের প্রেক্ষাপট টেনে তিনি বলেন, যারা এতদিন রাজপথে ছিল না, তারা এখন হঠাৎ করে সামনে এসেছে। যারা একসময় অন্ধকারে মিছিল করত, এখন তারা বড় বড় কথা বলছে।

তিনি দাবি করেন, বিরোধী শক্তির পরাজয় নিশ্চিত জেনে তারা এখন নেতাকর্মীদের চাঙ্গা রাখতে নানা ভিত্তিহীন প্রচারণা চালাচ্ছে।

বিএনপি দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, “ফুটপাত বা রাস্তায় যারা অবৈধ স্থাপনা নির্মাণ করে চাঁদাবাজি করছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আমাদের দল কোনো অবৈধ কর্মকাণ্ড অনুমোদন করে না এবং আমরা এর বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি।”

প্রচারণাকালে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ইশরাক হোসেন ১২ ফেব্রুয়ারি সকলকে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। সুরিটোলা থেকে শুরু হওয়া এই গণসংযোগে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুল সংখ্যক এলাকাবাসী অংশ নেন। প্রচারণার শেষ অংশে তিনি বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button