বাংলাদেশরাজনীতি

দুই যুগ পর রোববার কুমিল্লায় তারেক রহমান: জনসভার প্রস্তুতি তুঙ্গে

দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় পা রাখছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী রোববার (২৫ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে তিনি এই জেলা সফর করবেন। তাঁর এই আগমনকে কেন্দ্র করে কুমিল্লার নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

নির্বাচনি সফরের অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে জেলার পৃথক তিনটি জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে তাঁর। দলীয় সূত্র অনুসারে, রোববার চট্টগ্রাম ও ফেনীর কর্মসূচি শেষ করে বিকেল ৫টার দিকে তিনি প্রথমে কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠের সমাবেশে যোগ দেবেন। এরপর সন্ধ্যা ৭টায় কুমিল্লার সোয়াগাজীর ডিগবাজী মাঠে এবং সবশেষে সন্ধ্যা সাড়ে ৭টায় দাউদকান্দি উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত জনসভায় তাঁর বক্তব্য রাখার কথা রয়েছে।

তারেক রহমানের এই সফরকে ঘিরে গত দুই দিন ধরেই চলছে প্রস্তুতি। সমাবেশগুলোর জন্য বিশাল মঞ্চ তৈরির কাজ ইতোমধ্যে প্রায় শেষ পর্যায়ে। মহাসড়ক ও জনসভাস্থলের আশপাশে তাঁকে স্বাগত জানিয়ে রঙিন ব্যানার, ফেস্টুন ও তোরণ নির্মাণ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দলের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। দীর্ঘ সময় পর প্রিয় নেতাকে সরাসরি দেখার ও তাঁর কথা শোনার অপেক্ষায় এখন উন্মুখ হয়ে আছে কুমিল্লা জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এদিকে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জেলা বিএনপির সিনিয়র নেতারা সমাবেশস্থল পরিদর্শন করেছেন। পৃথক তিনটি সমাবেশে অন্তত ১০ লাখ জনসাধারণ উপস্থিত থাকবেন বলে দলের পক্ষ থেকে আশা করা হচ্ছে।

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, ‘তারেক রহমানের আগমন উপলক্ষে আমাদের সার্বিক প্রস্তুতি শেষ পর্যায়ে। এ নিয়ে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তিনি সর্বশেষ ২০০২ সালে কুমিল্লা স্টেডিয়ামে বক্তব্য রেখেছিলেন। দীর্ঘ দুই যুগ পর তাকে আবার সরাসরি দেখে বক্তব্য শুনতে পারা নেতাকর্মীদের জন্য আনন্দের।’

কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, তারেক রহমানের আগমন উৎসবে পরিণত হচ্ছে। জেলার পৃথক তিনটি সমাবেশে কমপক্ষে ১০ লাখ জনসাধারণের উপস্থিতি আমরা আশা করছি। আমাদের সেই ধরনের প্রস্তুতিও রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button