বাংলাদেশ

স্যার নন, ভাই হতে চান তারেক রহমান

চট্টগ্রামে তরুণদের সঙ্গে এক প্রাণবন্ত মতবিনিময় সভায় অংশ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) সকালে নগরীর রেডিসন ব্লু হোটেলের মেজবান হলে আয়োজিত ‘ইয়ুথ পলিসি টক’-এ উঠে আসে আগামীর বাংলাদেশ গড়ার নানা রূপরেখা।

অনুষ্ঠানের শুরুতেই পরিবেশটা বেশ ঘরোয়া করে তোলেন তারেক রহমান। প্রশ্ন করতে উঠে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী তাকে ‘স্যার’ বলে সম্বোধন করলে তিনি হেসে বাধা দেন। তারেক রহমান বলেন, “আমাকে আপনারা ‘ভাইয়া’ ডাকতে পারেন। বয়সের হিসেবে আঙ্কেলও ডাকতে পারেন, তবে ভাইয়া শুনতেই বেশি ভালো লাগবে।” তার এই আন্তরিক আহ্বানে উপস্থিত তরুণদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

এক তরুণ উদ্যোক্তার পুঁজি সংকট ও ঋণের জটিলতা বিষয়ক প্রশ্নের জবাবে তারেক রহমান জানান,
ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি সহজ করতে বিদ্যমান ব্যাংকিং আইন সংশোধনের পরিকল্পনা আছে বিএনপির। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চান, তাদের আর্থিক সহায়তায় ‘স্টুডেন্ট লোন’ বা শিক্ষা ঋণ চালুর বিষয়টিও দলের ভাবনায় রয়েছে।

চট্টগ্রামের দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতা নিয়ে প্রশ্নের জবাবে তিনি একটি সুনির্দিষ্ট সমাধান পেশ করেন। জলাবদ্ধতা দূর করতে বৃষ্টির পানি নামার পথ তৈরি করা জরুরি। এজন্য দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে।

তারেক রহমান আরো বলেন, “আগামী ১৫-২০ বছর আমাদের দেশে তরুণ কর্মক্ষম জনশক্তি (Youth Force) বেশি থাকবে। এটি আমাদের বড় সুযোগ। আমরা কেবল সমস্যার কথা বলে সময় নষ্ট করতে চাই না, বরং সমাধান নিয়ে এগোতে চাই।” তিনি তরুণদের কাছ থেকেই জানতে চান যে তারা ভবিষ্যতে দেশকে কীভাবে পরিচালিত দেখতে আগ্রহী।

দীর্ঘ দুই দশক পর চট্টগ্রামে পা রাখা তারেক রহমানকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে। সকাল থেকেই পলোগ্রাউন্ড মাঠে নেতাকর্মীদের ঢল নেমেছে। চট্টগ্রামের কর্মসূচি শেষ করে আজ দিনভর ফেনী, কুমিল্লা ও দাউদকান্দিসহ বিভিন্ন স্থানে একাধিক নির্বাচনী জনসভায় তার বক্তব্য রাখার কথা রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button