আন্তর্জাতিক

মার্কিন অভিবাসন অভিযানে আটক ২ বছরের শিশু: সমালোচনার ঝড়

যুক্তরাষ্ট্রের মিনেসোটায় সম্প্রতি দুই বছরের এক কন্যাশিশুকে তার বাবার সঙ্গে অভিবাসন কর্মকর্তাদের আটকের ঘটনাটি ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। গত বৃহস্পতিবার মিনিয়াপোলিসে নিজ বাসার সামনে থেকে শিশুটির বাবা এলভিস জোয়েল টেকে আটক করার সময় এই পরিস্থিতি তৈরি হয়।

কোনো ওয়ারেন্ট ছাড়াই কর্মকর্তারা এলভিসের বাড়ির আঙিনায় প্রবেশ করেন এবং গাড়ির কাঁচ ভেঙে বাবা ও মেয়েকে আটক করেন। এমনকি আদালতের তাৎক্ষণিক মুক্তির আদেশ অমান্য করে ওই রাতেই তাদের টেক্সাসের একটি ডিটেনশন সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়।

আইনজীবীদের মতে, শিশুটির মা তখন বাসাতেই ছিলেন, কিন্তু কর্মকর্তারা শিশুটিকে মায়ের কাছে না দিয়ে জোর করে নিয়ে যান। গাড়িতে কোনো শিশু আসন (child seat) ছাড়াই তাকে দীর্ঘ পথ নেওয়া হয়।

মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ (ডিএইচএস) দাবি করেছে, মা শিশুটিকে নিতে চাননি এবং এলভিস একজন অবৈধ অভিবাসী যিনি নিয়ম ভঙ্গ করেছেন। তবে পরিবার এই দাবিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলেছে।

শেষ পর্যন্ত শুক্রবার শিশুটিকে মিনেসোটায় ফিরিয়ে এনে মায়ের কাছে দেওয়া হলেও বাবা এলভিস এখনো আটক আছেন। ফেডারেল বিচারক এই আটককে শিশুর জন্য ‘অপূরণীয় ক্ষতি’ হিসেবে উল্লেখ করেছেন।

এই ঘটনাটি ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসননীতির নিষ্ঠুরতা নিয়ে নতুন করে উদ্বেগ ও বিতর্কের সৃষ্টি করেছে।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

 

সংশ্লিষ্ট খবর

Back to top button