রাজনীতি

অপেক্ষার নাম ২২ বছর: এবার ময়মনসিংহে তারেক রহমান!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘ ২২ বছর পর আগামী ২৭ জানুয়ারি ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে জনসভায় ভাষণ দেবেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তাঁর এই আগমনকে ঘিরে স্থানীয় রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জনসভা সফল করার লক্ষ্যে আজ রবিবার সকালে ময়মনসিংহ মহানগর বিএনপির উদ্যোগে এক বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

নগরীর টাউন হল মোড়স্থ তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম।

সভায় ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার ২৪টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীসহ দল ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা অংশগ্রহণ করেন। বক্তারা তারেক রহমানের এই নির্বাচনী জনসভাকে ঐতিহাসিক জনসমুদ্রে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং নেতাকর্মীদের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

প্রস্তুতি সভা শেষে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা জনসভাস্থল সার্কিট হাউস মাঠ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন,আবু ওয়াহাব আকন্দ: সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ-৪ আসনের প্রার্থী।ওয়্যারেছ আলী মামুন: জামালপুর সদর আসনের প্রার্থী। ডা. মাহবুবুর রহমান লিটন: ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের প্রার্থী। মোতাহার হোসেন তালুকদার: ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের প্রার্থী। ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন: ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের প্রার্থী। ফখরুদ্দিন আহমেদ বাচ্চু: ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের প্রার্থী। আক্তারুজ্জামান বাচ্চু: ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের প্রার্থী। এছাড়াও দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর মাহমুদ আলম, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক শাহ শিব্বির আহমেদ বুলু ও এ কে এম মাহবুবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দীর্ঘ দুই দশক পর ময়মনসিংহে তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে বিভাগের প্রতিটি ইউনিটে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button