স্বামীর পক্ষে ভোটের লড়াইয়ে ববি হাজ্জাজের স্ত্রী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৩ আসনে ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজের পক্ষে প্রচারণায় নেমেছেন তার স্ত্রী ব্যারিস্টার রাশনা ইমাম।
রোববার (২৫ জানুয়ারি) প্রচারণার চতুর্থ দিনে তিনি ৩৩নং ওয়ার্ডের আলহাজ্ব মকবুল হোসেন কলেজ সংলগ্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এ সময় তিনি স্থানীয় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তার স্বামীর জন্য ভোট ও দোয়া প্রার্থনা করেন।
প্রচারণা চলাকালীন ভোটারদের উদ্দেশে ব্যারিস্টার রাশনা ইমাম বলেন, “ববি হাজ্জাজকে বিজয়ী করার দায়িত্ব এখন আপনাদের। আমি নিজেও একজন আইনজীবী হিসেবে বলতে পারি, আমরা কোনো ব্যক্তিগত লাভের জন্য নয়, বরং আপনাদের সেবা ও এলাকার প্রকৃত উন্নয়নের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছি। আমাদের এই পথচলায় আপনাদের সমর্থন ও দোয়া একান্ত কাম্য।”
গণসংযোগের সময় স্থানীয় বাসিন্দারা এলাকার তীব্র গ্যাস সংকটের কথা তুলে ধরলে তিনি তা সমাধানে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি জানান, তারা ইতিমধ্যেই তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে নিয়মিত যোগাযোগ রাখছেন। রাশনা ইমাম আশ্বস্ত করে বলেন, “নির্বাচিত হতে পারলে আমরা আরও জোরালোভাবে কাজ করতে পারব। গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি সিলিন্ডার ও গ্যাসের বর্ধিত দাম নিয়ন্ত্রণেও আমরা কার্যকর ভূমিকা রাখব।”
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং সমস্যা সমাধানে ধানের শীষের হাতকে শক্তিশালী করার জন্য তিনি সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।



