সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ডের রায়

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের চূড়ান্ত পর্যায়ে রাজধানীর চানখারপুলে সংঘটিত হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া আজ এক ঐতিহাসিক পরিণতি পেল। ৫ আগস্টের সেই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন শীর্ষ কর্মকর্তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ আজ এই যুগান্তকারী রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩ জন হল হাবিবুর রহমান (সাবেক ডিএমপি কমিশনার) ,সুদীপ কুমার চক্রবর্তী (সাবেক যুগ্ম কমিশনার) এবং শাহ আলম মো. আখতারুল ইসলাম (সাবেক এডিসি, রমনা জোন)
সাবেক এসি মোহাম্মদ ইমরুলকে ৬ বছর, পরিদর্শক আরশাদ হোসেনকে ৪ বছর এবং তিন কনস্টেবলকে (সুজন, ইমন ও নাসিরুল) ৩ বছর করে সাজা দেওয়া হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট, আওয়ামী লীগ সরকারের পতনের দিন চানখারপুলে পুলিশের গুলিতে ছয়জন প্রাণ হারান। নিহতরা হলেন— আনাস, জুনায়েদ, ইয়াকুব, রাকিব, ইশমামুল ও মানিক।
সাবেক কমিশনার হাবিবুর রহমান ওয়্যারলেসের মাধ্যমে অধস্তনদের প্রাণঘাতী মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন।২৬ জন সাক্ষীর জবানবন্দি এবং ১৯টি ভিডিও ও অডিও ফুটেজসহ শক্ত প্রমাণাদি প্রসিকিউশন উপস্থাপন করেছে। ট্রাইব্যুনাল এটিকে ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে গণ্য করেছেন।
এই মামলার মোট আটজন আসামির মধ্যে মাত্র চারজন (আরশাদ, সুজন, ইমন ও নাসিরুল) বর্তমানে গ্রেপ্তার রয়েছেন। অন্যদিকে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাবিবুর রহমানসহ চারজন এখনো পলাতক রয়েছেন।



