রাজনীতি

৩১ জানুয়ারী ঢাকায় জামায়াতের নারী সমাবেশ

সারাদেশে নারী হেনস্তা, হামলা এবং নির্বাচনী কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগের প্রেক্ষাপটে রাজধানীতে নারী সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। আগামী ৩১ জানুয়ারি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ আয়োজন করা হবে, যা জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, সকাল সাড়ে ১০টায় সমাবেশ শুরু হবে। তাঁর ভাষ্য অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে বাধ্য হয়েই জামায়াতের নারী সংগঠনের কর্মীরা প্রকাশ্যে নেমে প্রতিবাদ জানাতে যাচ্ছে, যা তাদের জন্য এক নতুন বাস্তবতা।

সংবাদ সম্মেলনে তিনি সতর্ক করে বলেন, এই কর্মসূচির পরও যদি পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে জামায়াত এবং তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট আরও কঠোর রাজনৈতিক কর্মসূচির পথে যেতে পারে।

নারী কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াতের এই নেতা অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে জামায়াতের নারী নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে। তাঁর দাবি, নারীদের ভোটের সম্ভাবনাকে কেন্দ্র করেই একটি পক্ষ আতঙ্কিত হয়ে উঠেছে। নারী স্বাধীনতার কথা বলা মহলই বাস্তবে নারীদের হেনস্তার সঙ্গে জড়িত, এমন অভিযোগও করেন তিনি।

নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে ডা. তাহের বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব রয়েছে। জোর করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা শেষ পর্যন্ত দেশের জন্য নেতিবাচক ফল বয়ে আনতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button