রাষ্ট্রপতি পোস্টাল ব্যালটে ভোট দেবেন

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আবারও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এই খবরটি নিশ্চিত করেছেন।
বিগত দ্বাদশ সংসদ নির্বাচনেও রাষ্ট্রপতি পোস্টাল ব্যালট ব্যবহার করেছিলেন, তবে সেটি ছিল সনাতন পদ্ধতি। এবার নির্বাচন কমিশন (ইসি) প্রথমবারের মতো চালু করেছে আইটি সাপোর্টেড পোস্টাল ভোট। এই পদ্ধতিতে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে ব্যালট সংগ্রহ ও ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
নিরাপত্তা এবং নির্বাচনী পরিবেশের কথা মাথায় রেখেই তাঁর এই সিদ্ধান্ত। এর আগে রাষ্ট্রপতি ব্যাখ্যা দিয়েছিলেন যে, “আমি বঙ্গভবন থেকে সশরীরে পাবনা গেলে আমার প্রটোকল ও নিরাপত্তার কারণে পুরো জেলায় ভোটের স্বাভাবিক পরিবেশে প্রভাব পড়তে পারে। সাধারণ ভোটারদের অসুবিধা এড়াতেই এই বিকল্প ব্যবস্থা।”
প্রবাসী বাংলাদেশি, নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তা এবং কারাগারে থাকা ব্যক্তিরা এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এই নতুন পদ্ধতিতে ভোট দিতে ইতিমধ্যে প্রায় ১৫ লাখ ৩৩ হাজার ভোটার নাম লিখিয়েছেন।



